শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » ২২ ঘণ্টা সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে কয়েক হাজার যাত্রী


২২ ঘণ্টা সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে কয়েক হাজার যাত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

সিলেটের শ্রীমঙ্গলে একটি তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। এর ফলে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সকালে উদ্ধার করা হয়েছে। এখন রেলওয়ের প্রকৌশলীরা লাইন মেরামতের কাজ করছেন। ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরও দুই ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. মিজানুর রহমান।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর এখন ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করছে রেলওয়ের প্রকৌশল বিভাগ। বন্ধ আছে বিভাগীয় শহর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। সাতটি ট্রেনের যাত্রা বাতিল করায় কয়েক হাজার ট্রেনযাত্রী দুর্ভোগে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলে ট্রেন দুর্ঘটনার কারণে সিলেট রেলওয়ে স্টেশন থেকে, জয়ন্তিকা, উদয়ন, পারাবত, পাহাড়িকা ও উপবন ছেড়ে যায়নি। এছাড়া ঢাকা থেকে আরও দুটি ট্রেন সিলেট আসার কথা ছিলো। এর মধ্যে পারাবত ও উদয়ন ঢাকায় এবং উপবন চট্টগ্রামে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেন দুর্ঘটনার কারণে ওই ট্রেনগুলোর যাত্রা বাতিল হওয়ায় দুর্ভোগে পড়েন সিলেটের ট্রেনযাত্রীরা।

এদিকে ট্রেন দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি