ডেস্ক রিপোর্টঃ
দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) সকাল আটটা পর্যন্ত) নতুন করোনা রোগী শনাক্ত বাড়লেও মৃত্যু কমেছে। এই সময় ১ হাজার ৮৪৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৭৩৩ জন। আর মৃত্যু হয়েছিল ১৯ জনের।
আজ বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৫টি ল্যাবে ১৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৬৮টি। এ পর্যন্ত দেশে মোট ২৫ লাখ এক হাজার ৮০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন ১৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ নয়জন ও নারী চারজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন চার হাজার ৭২৮ জন ও নারী এক হাজার ৪১২ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন ও ষাটোর্ধ্ব নয়জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে দুজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।























































