শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণে শিকার হয়েছেন কিশোরী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ঢাকার নারায়ণগঞ্জ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সহকর্মী বান্ধবীর বাড়ি বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক পোশাককর্মী। এ ঘটনায় জড়িত অভিযোগে মূল অভিযুক্ত সোহেলসহ নির্যাতিত কিশোরীর বান্ধবী আদুরী বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সোহেল (৪০) পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর ভগবানপুর গ্রামের কমির মিয়ার ছেলে। আর আদুরী বেগম শাখাহার ইউনিয়নের চক মানিকপুর গ্রামের লুুৎফর রহমানের মেয়ে ও জাহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দিঘিরহাট চক মানিকপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে আদুরী বেগম তার স্বামীসহ ঢাকার নারায়ণগঞ্জে ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে কাজ করেন।

একই বাসায় ভাড়া থেকে গার্মেন্টসে কাজ করেন ধর্ষণের শিকার ওই কিশোরী। একই বাসায় থাকার কারণে আদুরীর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়। গত ২৭ অক্টোবর আদুরী বেগম গাইবান্ধায় তার বাবার বাড়িতে বেড়ানোর কথা বলে ওই কিশোরীকে নিয়ে আসেন। সেখানে কয়েক দিন অবস্থান করায় আদুরীর দুলাভাই সোহেলের সঙ্গে ওই কিশোরীর সখত্য হয়।

এর একপর্যায়ে গত শুক্রবার সকালে সোহেল ওই কিশোরীকে ফুসলিয়ে মোটরসাইকেলে ঘুরতে নিয়ে যায়। দিনভর বিভিন্ন জায়গায় ঘুরে রাতে অজ্ঞাত স্থানে নিয়ে সোহেলসহ ৪/৫ জন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে রাতে উপজেলার বালুয়াবাজার বাংলালিংক টাওয়ারের সামনে কিশোরীকে ফেলে রেখে তারা চলে যায়। রাত ১টার দিকে স্থানীয়রা ওই কিশোরীর মুখে ঘটনা শুনে থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নির্যাতনের শিকার কিশোরীকে উদ্ধারের পর গাইবান্ধা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় কিশোরী নিজেই বাদী হয়ে সোহেলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি