রবিবার,১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


যুবলীগ নেতার বাড়ির রান্নাঘর থেকে ৩ পেট্রোল বোমা উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

সাতক্ষীরার দেবহাটায় একটি বসতবাড়ির রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় তাজা তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ( ৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ধোপাডাঙ্গাস্থ আব্দুল ওহাবের ছেলে যুবলীগ নেতা মহিউদ্দীনের বাড়ির রান্নাঘর থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে যুবলীগ নেতা মহিউদ্দীন জানান, শনিবার সকালে তার স্ত্রী রান্না করতে গেলে চৌকির নিচে চালের বস্থার পাশে একটি প্যাকেট দেখতে পান। স্ত্রী তাকে ডাকলে তিনি বিষয়টি দেখার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেনকে জানালে তিনি প্রশাসনকে খবর দেন। পরে পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে উক্ত পেট্রোল বোমা উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে যায়।

পূর্ব শত্রুতার জেরে এবং উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার সমর্থনে কাজ করায় প্রতিপক্ষরা তাকে ফাঁসাতে এ কাজ করেছে বলে দাবি করেন মহিউদ্দীন। এর আগে তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ ও তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন এই নেতা।

এ বিষয়ে দেবহাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন বলেন, ‘মহিউদ্দীন আওয়ামী লীগের রাজনীতি করায় স্থানীয়ভাবে তার কিছু শত্রু রয়েছে। পেট্রোল বোমার বিষয়টি জানালে আমি প্রশাসনকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মুজিবর রহমান জানান, ‘আমার কর্মী সমর্থককে হয়রানি করতে এমন ষড়যন্ত্র করে যাচ্ছে আমার বিদ্রোহীরা। আমি বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনে কে বা কারা জড়িত সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি