শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আগামী জানুয়ারির মধ্যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খালের দায়িত্ব পাচ্ছে সিটি করপোরেশন : তাজুল ইসলাম


আগামী জানুয়ারির মধ্যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খালের দায়িত্ব পাচ্ছে সিটি করপোরেশন : তাজুল ইসলাম


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আগামী জানুয়ারির মধ্যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খালের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের নিকট হস্তান্তর করা হবে।

শনিবার (১২ ডিসেম্বর) হাত ধোয়ার অভ্যাস এবং উন্মুক্ত স্থানে হাত ধোয়া নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড যৌথ উদ্যোগে ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত ‘হাত ধোয়ার গাড়ি’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের লক্ষ্যে গঠিত কমিটি কাজ করছে। ঢাকার চারপাশের নদী-নালা, খাল যারাই দখল করুক না কেন খুব দ্রুতই দখলমুক্ত করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, দেশে সংবিধান আছে। আইন প্রয়োগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহিম এবং ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহানসহ ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি