সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


মামলায় হেরে আদালত চত্বরে বুকে ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০২০

ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত চত্বরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার ( ১৪ ডিসেম্বর) দুপুরে তিনি নিজের বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত যুবক হাফিজুর রহমান (৩০) শহরের কামড়াপুর গ্রামের নূর মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাফিজুর রহমান কয়েক বছর আগে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে (২৫) বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। ইতিমধ্যে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান। পরে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন হাফিজুর।

মামলায় আজ সোমবার ( ১৪ ডিসেম্বর)  দুপুরে আদালতে হাজির হয়ে বুশরা জানান, তিনি স্বামীর সঙ্গে যাবেন না। এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। এরপর হাফিজুর আদালতের ভেতর থেকে বের হয়ে নিজের বুকে ছুরি চালান। এতে তিনি গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি