ডেস্ক রিপোর্টঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে নেশার টাকা না ছুরিকাঘাতে বাবা শফিউল ইসলাম (৫৫) খুন করেছেন বলে অভিযোগ উঠেছে মাদকসক্ত ছেলে ছাদেকুল ইসলামের (৩০) বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ বাজারে এ ঘটনা ঘটে। শফিউল ইসলামের বাড়ি রওশনবাগ বাজারের পাশে কৃষ্ণুপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাদেকুল মাদকাসক্ত। নেশার টাকা না পেলে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। বৃহস্পতিবার বিকেলে বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হন ছাদেকুল। সন্ধ্যায় বাবা শফিউল বাড়ির পাশে রওশনবাগ বাজারে গেলে ছাদেকুল পেছন থেকে এসে পেটে-বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ওই সময় স্থানীয়রা শফিউলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে, স্থানীয় লোকজন মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ছাদেকুলকে আটক করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মাসুদ খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধারসহ ছাদেকুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।























































