ডেস্ক রিপোর্ট:
রাজধানীর দক্ষিণখান থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২-এর একটি দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭), আসমা বেগম (৪২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ড গুলবার মুন্সি সরণি এলাকায় কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রাত ৩টায় ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চোরাচালান চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
র্যাব আরো জানায়, আসামিদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে কাচের জারে রক্ষিত অবস্থায় প্রায় ৯ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।
এ ছাড়া তাদের কাছ থেকে সাপের বিষসংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছেও বলে জানায় র্যাব।























































