শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আইনমন্ত্রীর পিএকে ঘুষ অফার করায় আওয়ামী লীগ নেতা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০২১

ডেস্ক রিপোর্ট:

সরকারি চাকরি পাইয়ে দেয়ার জন্য আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএ) শফিকুল ইসলাম সোহাগকে ‘ঘুষ অফার করে’ আটক হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হামজা। শুক্রবার ( ১ জানুয়ারি) রাতে ঢাকার গুলশানস্থ আইনমন্ত্রীর ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ।

আইনমন্ত্রীর পিএ শফিকুল ইসলাম সোহাগ জানান, সম্প্রতি কিশোরগঞ্জ আদালতে সরকারি চাকরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ওই চাকরির জন্য মন্ত্রী মহোদয়ের নির্বাচনী এলাকা কসবা-আখাউড়া উপজেলার অনেকে আবেদন করেছেন। আখাউড়ার ধরখার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমানের ছেলে হাসিবুল হাসান ওই চাকরি জন্য আবেদন করেন। তার চাকরি পাইয়ে দেয়ার জন্য গতকাল রাতে আমাদের অফিসে আসেন আমির হামজা।

তিনি আরও বলেন, কসবা উপজেলা আওয়ামী লীগের নেতা হয়ে আখাউড়া উপজেলার চাকরি প্রার্থীর জন্য আসায় আমার তাকে সন্দেহ হয়। মন্ত্রী মহোদয়ের মাধ্যমে চাকরি পাইয়ে দিলে আমাকে খুশি করবেন বলে জানান আমির হামজা। একপর্যায়ে আমাকে দুই লাখ টাকা অফার করেন তিনি। বিষয়টি তাৎক্ষণিক মন্ত্রী মহোদয় ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবনকে জানাই আমি। পরবর্তীতে মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমির হামজাকে পুলিশে সোপর্দ করা হয়।

কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন জানান, ‘মন্ত্রী মহোদয় দুই হাজার মানুষকে চাকরি দিয়েছেন। কারো কাছ থেকেই টাকা নেননি। তিনি যে ঘটনা ঘটিয়েছেন, সেটি খুবই দুঃখজনক। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি