রাজশাহীতে অতিরিক্ত মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। রোববার (৩ জানুয়ারি) দুপুর ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ইশাকুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। তার বাড়ি নগরীর কাদিরগঞ্জ দরিখোরবোনা এলাকায়।
পুলিশ জানায়, থার্টিফার্স্ট নাইটে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (১ জানুয়ারি) রাতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পরে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
এর আগে শনিবার (২ জানুয়ারি) ভোরে হাসপাতালের ১৭নং ওয়ার্ডে জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদকসহ তিনজন এবং ১৬নং ওয়ার্ডের দুইজনের মৃত্যু হয়।
তারা হলেন- নগরের হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫), মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫), হেতমখাঁ এলাকার মৃত. লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও নগরের কাদিরগঞ্জ এলাকার সেলিম আহমেদের ছেলে মুন আহমেদ (১৮)। তাদের মধ্যে ফয়সাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক।
নগরের রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নববর্ষ উপলক্ষে শুক্রবার রাতে নগরীর হোসনীগঞ্জ এলাকায় তারা মাত্রাতিরিক্ত মদপান করেন। এতে ছয় জন মারা গেলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন ১০ জন।
ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।























































