শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ৩ দিন পর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার


৩ দিন পর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০২১


ডেস্ক রিপোর্টঃ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর রোহান নামে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। রোহান পৌর এলাকার মসজিদ পাড়ার ভেলুর মোড় মহল্লার সুজন আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩১ ডিসেম্বর বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর না পেয়ে রোহানের পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপরই রোহানকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা মাঠে নামে।

মাহবুব আলম খান বলেন, শনিবার পৌর এলাকার বিভিন্ন মোড়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অজ্ঞাত একজন ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করছে। এতে পুলিশ ধারণা করে যে হয়তোবা শিশুটিকে হত্যা করে হাসপাতালের আশেপাশেই কোথাও রাখা হয়েছে। পরে খোঁজাখুজির একপর্যায়ে সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে -এ বিষয়ে কিছুই জানাতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানান, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে শিশুটিকে নিয়ে আসা ওই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তাকে গ্রেপ্তার করা গেলেই এ হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি