বিয়ে হয়েছিল তিন মাস আগে। সংসারও চলছিল ভালোই। সুখের সংসারে মাত্র তিন মাস পরেই নববধূর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান। কিন্তু এই তিন মাসের ব্যবধানে সন্তান প্রসব কিভাবে সম্ভব?
এমনই এক রহস্যজনক প্রশ্ন ঘুরছে চুয়াডাঙ্গার ভিমরুল্লা এলাকা থেকে পুরো শহরে। ঘটনা এখানেই শেষ নয়, ওই তরুণী হাসপাতালে আসলে বিষয়টি আরো জানাজানি হতে থাকে। এক পর্যায়ে হাসপাতালের বেডেই কাতরানো তরুণীর হাতে পৌঁছায় ডিভোর্সের চিঠি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাস তিনেক আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আব্দুল হালিমের মেয়ে সোনালী আক্তারের (১৮) সাথে চুয়াডাঙ্গা শহরের ভিমরুল্লা গ্রামের আব্দুল আলীমের ছেলে মুস্তাকিন (২০) পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তাঁরা বেশ ফুরফুরে মেজাজে সংসার করে আসছিলেন। দাম্পত্য জীবনেও ছিলো না কলহ। তাদের সেই সুখের সংসারে বাঁধ সাধে একটি পুত্র সন্তান।
শনিবার (০২ জানুয়ারি) রাত ১২টার দিকে শ্বশুর বাড়িতে অবস্থানকালে বাথরুমের ভিতরেই একটি পুত্র সন্তানের জন্ম দেন নববধূ সোনালী। পরে তাঁর শ্বশুড় বাড়ির লোকজন প্রাথমিকভাবে বিষয়টি বুঝতে পেরে সোনালীর পরিবারকে জানান।
সে রাতেই সোনালীর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। নবজাতক ও মা দু’জনই হাসপাতালে ভর্তি হলে রোববার (৩ জানুয়ারি) বিষয়টি জানাজানি হয়। নববধূর সন্তান প্রসবের খবর দ্রুতই ছড়িয়ে পড়ে শহরের আনাচে কানাচে।
এ ঘটনাকে ঘিরে সৃষ্টি হয় নানা আলোচনা-সমালোচনার। এদিকে, এ ঘটনার পরই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সোনালী খাতুনকে রোববার সকালে তালাকনামা পাঠান স্বামী মুস্তাকিন।
নববধূ সোনালীর বাবা আব্দুল হালিমের অভিযোগ, স্বামী মুস্তাকিনের পরিবারের লোকজন স্থানীয় জনপ্রতিনিধিদের ডেকে এনে তাদের নানা হুমকি ধামকি প্রদান করেন। এক পর্যায়ে তালাকনামা নিয়ে এসেও তাঁর মেয়ের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন তাঁরা।
নববধূ সোনালী জানান, কয়রাডাঙ্গা গ্রামের এক যুবকের সাথে দীর্ঘদিন ধরে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আগে থেকেই ওই যুবকের সাথে তাঁর ঘনিষ্ঠতাও ছিল।
স্বামী মুস্তাকিনের বড় ভাই আশরাফুল ইসলাম আলামিন বলেন, ‘জন্ম দেয়া সন্তান আমার ভাইয়ের নয়। আমরা কেন ওই সন্তানের দায়ভার নিবো? তাই আমরা বাধ্য হয়ে তালাকনামা পাঠিয়েছি।’ তবে এ ব্যাপারে কোন পক্ষ এখনো আইনের দারস্ত হয়নি বলে জানা গেছে।























































