শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পৌরসভা নির্বাচনে ছোট ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী বড় ভাই


পৌরসভা নির্বাচনে ছোট ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী বড় ভাই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপন দুই ভাই হলেও ভোটে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। দুই ভাইয়ের এ প্রতিদ্বন্দ্বিতার কারণে ভোটারদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রতিদ্বন্দ্বিতাকারী দুই ভাই হলেন—উত্তর দৌলতপুর এলাকার মো. নূরুল ইসলাম ও তার আপন ছোট ভাই সাবেক কাউন্সিলর মো. রফিকুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বড় ভাই মো. নূরুল ইসলাম (ঢেঁড়স) মার্কা ও একই ওয়ার্ডে তার আপন ছোট ভাই মো. রফিকুল ইসলাম (গাজর) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাদের রাজনৈতিক দলের কোনো পদ-পদবী নেই বলেও জানা গেছে।

এ প্রসঙ্গে কাউন্সিলর প্রার্থী ছোট ভাই মো. রফিকুল ইসলাম বলেন, ‘এর আগে ৮ নম্বর ওয়ার্ডে চারবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ওয়ার্ডবাসীর ভোটে দুই বার জয়ী হয়েছি। এবারের নির্বাচনেও জনগণ আমাকে নির্বাচিত করবে বলে আশাবাদী।’

বড় ভাইয়ের নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে বলেন, ‘একটি বিশেষ মহলের ইন্ধনে আমার সহজ-সরল বড় ভাইকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়েছে।’

এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী বড় ভাই নূরুল ইসলাম বলেন, ‘পর পর চারবার ছোট ভাই রফিককে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছি। এর মধ্যে দুইবার সে কাউন্সিলর হিসেবে নির্বাচিতও হয়েছে। কিন্তু গতবারের নির্বাচনের আগে সে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং আমাকে নির্বাচনে সমর্থন জানাবে বলে কথা দিয়েছিল। সে তার কথা রাখেনি বলেই এলাকাবাসীর সমর্থন নিয়ে এবার আমি কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি।’

মোহনগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল হক জানান, নির্বাচনে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দুই ভাইসহ মোট সাতজন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডে মোট ভোটার দুই হাজার ৭৮১ জন। মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৬ জানুয়ারি এ পৌরসভাটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি