মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নিখোঁজের ৬ দিন পর বাথরুমের ভিতর মিলল শিশুর বস্তাব‌ন্দি লাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

খুলনায় নিখোঁজের ছয় দিন পর ভবনের বাথরুমের ভিতর থেকে ৮ বছরের শিশু অ‌ঙ্কিতা দে ছোঁয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে খুলনা মহানগরীর দৌলতপুর পাবলা বনিকপাড়া কালীমন্দিরের পাশে বীণাপাণি ভবনের নিচতলার বাথরুমের ভিতরে বস্তাবন্দি অবস্থায় শিশু‌টির মরদেহ উদ্ধার করা হয়। শিশু অ‌ঙ্কিতা দৌলতপুর পাবলা বনিকপাড়া এলাকার সুশান্ত দে’র কন্যা।

পু‌লিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টার দিকে খুলনার দৌলতপুর থানার পাবলা বণিকপাড়ার মৌচাক টাউয়ারের সামনে থেকে অঙ্কিতা দে ছোঁয়া হারিয়ে যায়। এসময় তার পরনে ছিল গোলাপি রঙের সোয়েটার। সে স্থানীয় একটি প্রাথ‌মিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে ফেসবুকেও পোস্ট দেওয়া হয়। তবে তার কোন সন্ধান মেলেনি। ৬ দিন পর আজ বাথরুম থেকে তার বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে বলেন, গত শুক্রবার (২২ জানুয়ারি) অঙ্কিতা দে ছোঁয়া নামের এক শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে জিডি এবং পরবর্তীতে অপহরণ মামলাও করা হয়েছে। বৃহস্প‌তিবার (২৮ জানুয়া‌রি) দুপুরের পরে দৌলতপুর পাবলা বনিকপাড়া কালী মন্দিরের পাশে বীণাপানি ভবনের নিচতলার বাথরুমের ভিতর থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি