ডেস্ক রিপোর্টঃ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এইচএসসির ফল পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ নেওয়া টাকার কিছু অংশ ব্যয় হয়েছে, বাকি টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।
২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরমপূরণ বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
শনিবার ( ৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমানের বিশেষ ফলাফল প্রকাশকালে তিনি এতথ্য জানান। মন্ত্রী বলেন, পরীক্ষার্থীরা ফরম পূরণের সময় যে অর্থ জমা দিয়েছিলেন, পরীক্ষা না হওয়ায় তার কিছু অংশ ফেরত পাবেন। ফল প্রকাশের পরপরই এ বিষয়ে বোর্ডসমূহ তাদের স্ব-স্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবেন।
২০২০ সালে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১লা এপ্রিল থেকে। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তার আগে এসএসসি পরীক্ষা হয়ে গেলেও আটকে যায় এইচএসসি পরীক্ষা।























































