শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে সব শিক্ষার্থীকেই পাস করানো হয়েছে।

শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের পরীক্ষায় সারা দেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। গত বছর এই জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬ জন।

এবার জিপিএ-৫ পাওয়ার হার ১১ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছর ছিল ৩ দশমিক ৫৪ শতাংশ।

ঢাকা বোর্ডে ৫৭ হাজার ৩২৬ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ১৪৩ জন, ময়মনসিংস বোর্ডে ১০ হাজার ৪০ জন, বরিশাল বোর্ডে ৫ হাজার ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে ৯ হাজার ৩৬৪ জন, রাজশাহী বোর্ডে ২৬ হাজার ৫৬৮ জন, যশোর বোর্ডে ১২ হাজার ৮৯২ জন, দিনাজপুর বোর্ডে ১৪ হাজার ৮৭১ জন, কারিগরি শিক্ষাবোর্ডে ৪ হাজার ১৪৫ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪৮ জন জিপিএ-৫ পেয়েছেন।

এর আগে ফল ঘোষণার সময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ফলাফলের জন্য শিক্ষা-প্রতিষ্ঠানে ভিড় না করার জন্য আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করে বলেন, এবার অনেক কষ্ট করে ফলাফল তৈরি করেছে সবাই। বিশেষজ্ঞসহ সকলের মতামত নিয়ে তৈরি করা হয়েছে এই ফলাফল। অনেক কঠিন কাজ ছিল এটা। আমরা কখনো চাই না শিক্ষার্থীদের জীবন থেকে এক বছর নষ্ট হোক। তাই এই ফলাফলটা দিলাম আমরা। অনেকে এই ফল নিয়ে কথা বলেছেন। এভাবে তিক্ততা তৈরি কিরা উচিত হবে না। এটা নিয়ে বিরূপ মন্তব্য করলে শিক্ষার্থীদের মনে মানসিক চাপ পড়বে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি