ডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার বিরুদ্ধে ভূমিকা পালনকারী মন্ত্রী, এমপি এবং নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাবেন না।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার (৩০ জানুয়ারি) তার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যারা নৌকা প্রতীকের বিরোধিতা করছেন তাদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্নিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে অংশ নেওয়া সভাপতিমণ্ডলীর তিনজন সদস্য বিদ্রোহীদের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের কথা সমকালকে জানিয়েছেন। তারা জানিয়েছেন, গতকালের বৈঠকে বিভিন্ন পৌরসভায় বিদ্রোহী প্রার্থীদের সংগঠনবিরোধী তৎপরতা নিয়ে আলোচনা হয়েছে। সেইসঙ্গে কয়েকটি পৌরসভায় কিছু নেতাকর্মী দল সমর্থিত প্রার্থীকে সমর্থন না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন বলেও বৈঠকের আলোচনায় এসেছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নীতি-নির্ধারক নেতারা দলের শৃঙ্খলা মেনে চলার প্রসঙ্গ নিয়ে বিশদ আলোচনা করেছেন। বৈঠকে বলা হয়েছে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে নমনীয় থাকার কোনো সুযোগ নেই। দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না।
ইতোমধ্যেই কয়েকজন মন্ত্রী, এমপি ও দলীয় নেতার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীকে প্রচ্ছন্ন সমর্থনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন। তারা বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে এই মন্ত্রী, এমপি এবং নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাবেন না।
পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের বেলায় এর প্রমাণও পাওয়া যাচ্ছে। গত পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা জয় পেয়েছেন, তাদের এবার দলের মনোনয়ন দেওয়া হয়নি। গতকালের বৈঠকেও কয়েকটি পৌরসভার বেলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনে জয় পেলেও দলের সঙ্গে সম্পৃক্ত থাকার সুযোগ পাবেন না বলে নেতারা জানিয়েছেন। ইতোমধ্যেই এ ব্যাপারে সাংগঠনিকভাবে প্রাথমিক কর্মকাণ্ড শুরু হয়েছে। বিদ্রোহী প্রার্থীদের নাম ও পদ-পদবি সংগ্রহ করা হচ্ছে।
পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় প্রার্থী চূড়ান্ত: গতকাল বৈঠকে পঞ্চম ধাপে ৩১টি পৌরসভাসহ চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে। বৈঠক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অ.) ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
তিনজন নারীও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে পৌরসভা মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে একজন করে রয়েছেন। যারা দলের মনোনয়ন পেয়েছেন, তাদের দলের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত চিঠি প্রধানমন্ত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। ওই চিঠি মনোনয়ন ফরমের সঙ্গে জমা দিলে তিনি নৌকা প্রতীক পাবেন। আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ২৮ ফেব্রুয়ারি ইভিএমে ভোট হবে এসব পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হচ্ছেন-
পৌরসভা
রংপুরের হারাগাছে হাকিবুর রহমান, জয়পুরহাট সদরে মোস্তাফিজুর রহমান, বগুড়া সদরে আবু ওবায়দুল হাসান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আব্দুর রশিদ, রাজশাহীর চারঘাটে একরামুল হক, দূর্গাপুরে তোফাজ্জল হোসেন, ঝিনাইদহের মহেশপুরে আব্দুর রশিদ খান, ঝিনাইদহের কালীগঞ্জে আশরাফুল আলম, যশোরের কেশবপুরে রফিকুল ইসলাম, যশোর সদরে হায়দার গনী খান, ভোলা সদরে মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশনে মোহাম্মদ মোরশেদ, কিশোরগঞ্জের ভৈরবে ইফতেখার হোসেন, মানিকগঞ্জের সিংগাইরে আবু নাঈম মোহাম্মদ বাশার, গাজীপুরের কালীগঞ্জে এস এম রবীন হোসেন, মাদারীপুর সদরে খালিদ হোসেন, শিবচরে আওলাদ হোসেন খান, জামালপুরের দেওয়ানগঞ্জে মিসেস ফারীন হোসেন, ইসলামপুরে আব্দুল কাদের সেখ, মাদারগঞ্জে মির্জা গোলাম কিবরিয়া কবির, জামালপুর সদরে ছানোয়ার হোসেন, ময়মনসিংহের নান্দাইলে রফিক উদ্দিন ভূঁইয়া, হবিগঞ্জ সদরে আতাউর রহমান সেলিম, ব্রাহ্মণবাড়িয়া সদরে নায়ার কবির, চাঁদপুরের মতলবে আওলাদ হোসেন, শাহরাস্তিতে আবদুল লতিফ, লক্ষ্মীপুরের রায়পুরে গিয়াস উদ্দীন রুবেল ভাট, চট্টগ্রামের মিরসরাইয়ে গিয়াস উদ্দিন, বারৈয়ারহাটে রেজাউল করিম, রাউজানে জমির উদ্দিন পারভেজ ও রাঙ্গুনিয়ায় শাহজাহান সিকদার।
উপজেলা
রাজশাহীর পবা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় শেফালী বেগম, ফরিদপুরের মধুখালী উপজেলায় শাহিদুল ইসলাম ও কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আবুল কালাম আজাদ।
ইউনিয়ন পরিষদ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জে দেলওয়ার হোসেন, ফরিদপুরের সদর উপজেলার গেরদায় রাবেয়া বেগম এবং চাঁদপুরের সদর উপজেলার লক্ষ্মীপুর মডেলে সেলিম খাঁন।























































