ডেস্ক রিপোর্টঃ
যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে। যমজের সঙ্গে জমজের বিয়ে বিষয়টি ভিন্নরকম। কেউ দাওয়াত পেয়ে আবার কেউ দাওয়াত না পেয়েও একনজর দেখতে এসেছে। এরকম বিয়ে তো সচরাচর দেখা যায় না।
বরিশালে জমজ দুই বোনের সঙ্গে পাশের জেলার যমজ দুই ভাইয়ের বিয়ে হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে নগরের নাজির মহল্লা এলাকার বোস বাড়িতে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
স্থানীয় ও উভয়ের পরিবার সূত্রে জানা গেছে, বরিশাল নগরের নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের যমজ মেয়ে সোনালী কর্মকার সোনা ও রুপালী কর্মকার রুপা। অপরদিকে পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার ইন্দেরহাট এলাকার প্রয়াত নিখিল কর্মকারের ছেলে সজল কর্মকার ও কাজল কর্মকার যমজ ভাই।
মাস কয়েক আগে পারিবারিকভাবে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা ও দেখাদেখির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং বিয়ের কথা পাকাপাকি হয়। সে অনুযায়ী সোমবার রাতে ছিল বিয়ের দিনক্ষণ। যা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে।
বিয়ে দেখতে সোমবার রাতে বিয়ের অনুষ্ঠানে ভিড় জমায় স্থানীয়রা। যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ের খবর শুনেই ছুটে আসেন তারা। এছাড়াও মেয়ের বাড়ির এলাকার লোকজনও বেশ আনন্দ উৎসবের মধ্য দিয়েই বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
যমজ ভাই ও বোনদের এ বিয়ে দেখতে যাওয়া রতন ঢালী জানান, যমজের সঙ্গে জমজের বিয়ে বিষয়টি ভিন্নরকম। দাওয়াত না থাকলেও বিষয়টি অন্যরকম হওয়ায় সেখানে গিয়ে ঘুরে এসেছি। বেশ ভালোই লেগেছে। আলাদাভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তাও একই অনুষ্ঠানের মাধ্যমে।
সৌরভ দাস নামে স্থানীয় এক বাসিন্দা জানান, অনেক লোক এসেছে বিয়ে দেখতে। কেউ দাওয়াত পেয়ে আবার কেউ দাওয়াত না পেয়েও একনজর দেখতে এসেছে। এরকম বিয়ে তো সচরাচর দেখা যায় না, তবে বিষয়টি খুবই ভালো লেগেছে।
এই দুই নবদম্পতি যাতে সুখী হয়, সে জন্য দোয়া চেয়েছেন তাদের স্বজনরা।


















































