সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার দাউদকান্দিতে বুথে অপেক্ষা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করতেই অস্থায়ী ভ্যাকসিন নিবন্ধনের একটি বুথ চোখে পড়ে। সামনে যেতেই দেখা মিললো একজনের। যিনি মিনিট দশেক আগে নিবন্ধন করেছেন। কিন্তু তিনি এখন ভ্যাকসিন নিতে পারবেন না। শান্ত ইসলাম নামে ওই ব্যক্তি বলেন, এখন ভ্যাকসিন নিতে আসলাম। ভেবেছিলাম সঙ্গে সঙ্গে করা যাবে। কিন্তু এখানকার লোকজন বলেছেন এখন আর করা যাবে না।

এই বুথে সারা দিনে দশজন ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন বলে জানা গেছে। অস্থায়ী বুথ থেকে একটু এগিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের প্রবেশদ্বারে টিকা প্রদানের প্রস্তুতি চলছিল। তখন বাজে সাড়ে দশটা। সেখানে গিয়ে দেখা যায়, তিন- চারজন বসে আছে করোনা ভ্যাকসিন নেয়ার জন্য। কিন্তু উদ্বোধক স্থানীয় এমপি মেজর জেনালে (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া তখনো আসেননি। এমপি এলে ভ্যাকসিন দেয়া হবে এই অপেক্ষায় সবাই। এই ফাঁকে কথা হয়, টিকা নিতে আসা গৌতম তারার সঙ্গে। তিনি বলেন, দশটায় টিকা নিতে এসেছি কিন্তু এখনো দেয়া শুরু হয়নি। তাই বসে আছি। কখন শুরু হয় বলতে পারছি না। দ্রুত দিতে পারলে চলে যেতাম। গিয়ে অফিস করতে হবে।

এ রকম আরো কয়েকজন অপেক্ষা করছিলেন ভ্যাকসিন নেয়ার জন্য। এরই মধ্যে বেলা ১১টা পাঁচ মিনিট। তখন টিকা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করতে আসেন স্থানীয় এমপি’র ছেলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। তিনি আসার পর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে সময় নেন আরো পনেরো মিনিট। এরপর নিজে ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। টিকা নেয়া শেষে তিনি বলেন, আমি টের পাইনি। কোনো ব্যথা লাগেনি। আমার কাছে ভালো লাগছে। উপজেলা চেয়ারম্যান বলেন, যারা এতোদিন টিকা নিয়ে গুজব ছড়িয়েছে তাদের মুখে ছাই পড়েছে। আমরা চাই সবাই ভ্যাকসিন নিক। সবাই নিরাপদে থাকুক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান, স্বাস্থকর্মকর্তা শাহিনুর আলম সুমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামসহ আরো অনেকে।

উপজেলা চেয়ারম্যান ভ্যাকসিন নেয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মচারী কর্মকর্তারা টিকা নেন। জানা গেছে, চিকিৎসকদের মধ্যে প্রথম ভ্যাকসিন নিয়েছেন আমেনা আক্তার। এরপর একেক করে নিবন্ধনকারী অনেককেই ভ্যাকসিন নিতে দেখা গেছে। ভ্যাকসিন নেয়ার পর গৌতম তারা বলেন, আমার কোনো ধরনের খারাপ লাগা কাজ করেনি। টিকা দেয়ার আগে যেমন ছিলাম তেমনই আছি।

এইদিকে বেলা তিনটা পর্যন্ত নিবন্ধনকারীদের মধ্যে ভ্যাকসিন দিয়েছেন মাত্র ৪৩ জন। নিবন্ধন করেছিলেন ১ হাজার ৩শ’ জন। প্রথমধাপে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা এসেছে ৮ হাজার ৮২০ ডোজের মতো। পুরো বিষয়টির দায়িত্বে থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, আমাদের আরো টিকা আসার কথা ছিল ১৭ হাজার ডোজ। কিন্তু মানুষের আগ্রহ কম দেখে প্রথম ধাপে ৮ হাজার ৮২০ ডোজ টিকা দেয়া হয়েছে আমাদের। আগামী ২৫শে এপ্রিল পর্যন্ত এসব টিকার মেয়াদ রয়েছে। উদ্বোধনের দিন আমাদের লক্ষ্য ছিল দুই গ্রুপে দেড়শ’ করে তিনশ’ জনকে আমরা টিকা দেবো। কিন্তু মানুষের উপস্থিতি ছিল খুবই কম। হয়তো দুই-একদিন পর মানুষের আগ্রহ আরো বাড়বে।

এদিকে সরজমিন স্বাস্থ্য কমপ্লেক্সটি ঘুরে দেখা গেছে, ভ্যাকসিন নিতে আসা লোকজনের মধ্যে এক ধরনের ভয় কাজ করছিল। যদিও ভ্যাকসিন দেয়ার পর সে ভয় আর কাজ করেনি। ভ্যাকসিন নেয়া এক ব্যক্তি আলী আকবর বলেন, প্রথমে মনে করেছিলাম কিনা কি হয়। কিন্তু টিকা নেয়ার পর আর তেমন মনে হয়নি। এখন সুস্থ মনে হচ্ছে। কোনো ধরনের অস্বস্তি কাজ করেনি। আমি বলবো ভয় না পেয়ে সবাইকে ভ্যাকসিন নেয়ার জন্য।

অন্যদিকে হাসপাতালে রোগী নিয়ে এসেছেন ইলিয়েটগঞ্জের রমজান আলী। গতকালের টিকা প্রদান নিয়ে তার কোনো ধারণা ছিল না। কিন্তু তাকে টিকা নিতে আগ্রহী দেখা গেছে। রমজান আলী বলেন, আমি আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। আমি জানি না, টিকা দেয়া হচ্ছে এখানে। আমি একটু আগে টিকার জন্য নিবন্ধন করেছি। ভাবছি টিকা দিবো। রমজান আলীর মতো তিনজনকে দেখা গেছে। যারা ভ্যাকসিন সম্পর্কে জানতেন না কিন্তু ভ্যাকসিন কার্যক্রম দেখে ভ্যাকসিন দিতে আগ্রহী হয়েছেন।

ভ্যাকসিন প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা মেডিকেল অফিসার ফাবলিনা নওশীন বলেন, ভ্যাকসিন নিতে আসা লোকজনদের মধ্যে একধরনের সংশয় তো কাজ করছেই। তারা খুব ভয় পাচ্ছে। তবে আমরা ভ্যাকসিন নিতে মানুষদের বোঝানোর চেষ্টা করেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি