ডেস্ক রিপোর্ট:
চ্যাম্পিয়নস লিগ থেকে আগের দিন বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। টুর্নামেন্টের শেষ ষোল পর্ব থেকে এবার ছিটকে গেল ফুটবল জাদুকর লিওনেল মেসির বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে প্যারিস সেন্ট জার্মেই’র কাছে হারল কাতালানরা ৫-২ ব্যবধানে।
প্রথম লেগে ন্যু ক্যাম্পে ৪-১ গোলে জিতে বার্সার বিদায় অনেকটা নিশ্চিত করে ফেলেছিল পিএসজি। ফিরতি লেগে পার্ক দেস প্রিসেন্সে ১-১ গোলের ড্রয়ে শেষ হলো তারই আনুষ্ঠানিকতা।
আর্জেন্টাইন সুপারস্টার নিজে গোল করেন। দর্শনীয় দূরবর্তী শটে কাইলিয়ান এমবাপ্পের গোলটি করেন শোধ। কিন্তু লুইস সুয়ারেজ ও নেইমারহীন বার্সাকে নিয়ে অতিমানবীয় ও নাটকীয় কিছু করে দেখাতে পারলেন না মেসি। মাঠে দ্যুতি ছড়িয়ে যেটা এ ত্রয়ী করে দেখিয়ে ছিলেন ২০১৬-১৭ মৌসুমে। এই পিএসজি’র বিপক্ষেই। প্রথম লেগ ৪-০ গোলে হেরে ফিরতি লেগে ৬-১ গোলে জিতে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এ স্প্যানিশ জায়ান্ট।
১৪ বছরের মধ্যে এই প্রথম আসরের শেষ আটে পৌঁছতে পারল না বার্সা।
অন্য দিকে হেসে-খেলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে লিভারপুল। প্রথম লেগে আরবি লিপজিগের মাঠ থেকে ফিরেছিল ২-০ গোলের জয় নিয়ে। ফিরতি লেগে কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা ঘরের মাঠে সাদিও মানে ও মোহাম্মদ সালাহর গোলে জিতল একই ব্যবধানে। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে শেষ আটে জায়গা নিল দ্য রেড শিবির।

























































