শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যৌতুক না পেয়ে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুনে পোড়ালেন স্বামী!


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০২১

ডেস্ক রিপোর্ট:

বগুড়ার শেরপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আগুনে দগ্ধ ওই গৃহবধূর নাম অঞ্জলি খাতুন (১৯)। আজ বৃহস্পতিবার সকালে এই পৈশাচিক ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন। আগুনে তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের উজ্জল হোসেনের মেয়ে অঞ্জলি খাতুন। প্রায় এক বছর আগে পাশ্ববর্তী শাজাহানপুর উপজেলার বিষ্ণপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে মোহাম্মদ বুলবুল মিয়ার (২৫) সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। কিছুদিন ভালোই কাটছিল তাদের দাম্পত্য জীবন। তবে সম্প্রতি যৌতুকের টাকা পরিশোধ করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। বিয়ের সময় যৌতুক হিসেবে টাকা ও জিনিসপত্র দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দ্রুত পরিশোধে চাপ দেন স্বামী ও তার পরিবারের লোকজন। কিন্তু যৌতুকলোভী স্বামীর দাবি পূরণে ব্যর্থ হওয়ায় প্রায়ই অঞ্জলি খাতুনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

অভিযোগ থেকে আরও জানা যায়, একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে মাস খানেক আগে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসেন তিনি। এদিকে গতকাল বুধবার দুপুরের দিকে বুলবুল মিয়া শেরপুর উপজেলার হাপুনিয়া গ্রামে শ্বশুড়বাড়িতে এলে আগের বিষয়গুলো নিয়ে তাদের স্বামীর-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় ওই বাড়িতে পরিবারের অন্যরা কেউ ছিলেন না। এই সুযোগে স্বামী পুড়িয়ে হত্যার উদ্দেশে শয়নকক্ষে তার স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দরজা-জানালা আটকে পালিয়ে যায় বলে ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

তবে অভিযুক্ত স্বামী বুলবুল মিয়া ও তার পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে অঞ্জলি খাতুন। এছাড়া তার কাছে কোনো যৌতুক চাওয়া হয়নি। তাই শারীরিক ও মাসসিক নির্যাতন চালানোর প্রশ্নই ওঠে না। তবে কেন অঞ্জলি নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালালো-এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তারা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘ঘটনাটির খবর পেয়েই আমি ও অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান স্যার ঘটনাস্থলে যাই। এরপর হাসপাতালে গিয়ে অগ্নিদগ্ধ ওই গৃহবধূ ও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি তদন্তের কাজ শুরু করা হয়েছে। এবিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি