শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৮ মাস নিখোঁজের পর ফেসবুকের মাধ্যমে বাবাকে খুঁজে পেলেন ছেলে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০২১

ডেস্ক রিপোর্ট:

আট মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা বাকপ্রতিবন্ধী শুক্কুর আলী (৫২)। অনেক খুঁজেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। হঠাৎ গেল বৃহস্পতিবার সকালে শেরপুরের একটি ফেসবুক পেজে শুক্কুর আলীর ছবি দেখে তাকে শনাক্ত করেন তার ছেলে সাকিব।

বাকপ্রতিবন্ধীর ছেলে সাকিব জানান, পুলিশের সহযোগিতায় বাবাকে ফিরে পেয়েছেন তিনি। পরে রাতে শেরপুর সদর থানা থেকে বাকপ্রতিবন্ধী শুক্কুর আলীকে তার ছেলে সাকিবের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্কুর আলী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাদারীপুর এলাকার বাসিন্দা।

সাকিব বলেন, ‘গত বছরের আগস্ট মাসে বাবা হঠাৎ করেই বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আমরা তাকে পাওয়ার আশা হারিয়ে ফেলেছিলাম। কারণ উনি বাকপ্রতিবন্ধী। দীর্ঘ আট মাস পর হঠাৎ করে শেরপুর জেলার একটি ফেসবুক পেজে বাবার ছবি দেখতে পাই। পরে শেরপুর সদর থানার ওসি মামুন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বাবা বর্তমানে থানা হেফাজতে আছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা শেরপুর সদর থানায় এসে বাবাকে পাই।’

তিনি আরও বলেন, ‘এত মাস পর বাবাকে ফিরে পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারিনি। আনন্দে চোখে পানি এসে গিয়েছিল। শেরপুর সদর থানার ওসি মামুন ভাই ও স্থানীয় ফেসবুক পেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

এ বিষয়ে ওসি আল-মামুন বলেন, ‘গত বৃহস্পতিবার ভোরে কয়েকজন যুবক ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসেন। সমস্যা হলো তিনি কথা বলতে পারেন না। তার ইশারা কিছুই বুঝা যাচ্ছিল না। অনেক চেষ্টা করেও কিছুই বুঝতে পারিনি। এরপর রুবেল নামে এক যুবক তার ছবি শেরপুরের কয়েকটি ফেসবুক পেজে পোস্ট করেন। সেই পোস্ট দেখে বিকালে তার আত্মীয়-স্বজন আমাকে ফোন করে পরিচয় নিশ্চিত করে। পরে তারা রাতে থানায় হাজির হলে তাকে তার আত্মীয়-স্বজন ও ছেলে সাকিবের কাছে ফিরিয়ে দেওয়া হয়।’

এসময় শুক্কুর আলীর কাছে থাকা নগদ আট হাজার ৭৫০ টাকাও তার ছেলে সাকিবের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি