ডেস্ক রিপোর্টঃ
গাজীপুর সদর উপজেলায় চার মাসের শিশুকে অপহরণের অভিযোগে কিশোরী মেয়ে ও তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৬ মার্চ) সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের গৌরীপুরের গোপালপুরের খোকন মিয়ার স্ত্রী মাকসুদা এবং তার ১৪ বছর বয়সী মেয়ে। উদ্ধার শিশু জুনায়েদ ট্রাকচালকের সহকারী দেলেয়ার হোসেন ও পোশাক শ্রমিক রেমা আক্তারের ছেলে। তারা গাজীপুর সদর উপজেলার নাওজোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মঙ্গলবার ( ১৬ মার্চ) দুপুরে বাসন থানায় এক সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, গত বৃহস্পতিবার জুনায়েদের বাবা ও মা প্রতিদিনের মতো সন্তানকে প্রতিবেশী রাশিদার কাছে রেখে কাজে যান। সেদিন দুপুরে জুনায়েদকে ঘরে রেখে রাশিদা পাশের দোকানে কেক আনতে যান। তবে বাসায় ফিরে জুনায়েদ আর ঘরে পাননি তিনি। সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে পরদিন জুনায়েদের বাবা এ ঘটনায় বাসন থানায় মামলা করেন।
পরে পুলিশ নানা জায়গায় অভিযান চালিয়ে মঙ্গলবার ( ১৬ মার্চ) সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা এলাকা থেকে মাকসুদা ও তার ১৪ বছরের মেয়েকে গ্রেপ্তার করে। এসময় শিশুটিকেও উদ্ধার করে তার বাবা-মাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা গাজীপুরের নাওজোড় এলাকায় জুনায়েদদের ভাড়াবাসার পাশে বসবাস করেন। মাকসুদার ছেলে সন্তান না থাকায় তারা এই অপহরণ করেছিলেন।


















































