শুক্রবার,২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


লকডাউনের কোনো চিন্তা-ভাবনা নেই : স্বাস্থ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০২১

ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা পরিস্থিতিতে আপাতত লকডাউনের চিন্তা-ভাবনা নেই। লকডাউন বাস্তবায়ন স্বাস্থ্য মন্ত্রণালয় করে না। সরকারের সব সংস্থা এ বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। তবে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটউশনে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস ওমেন এন্ট্রাপ্রেনিউরস বাংলাদেশ আয়োজিত নার্সদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমরা চাই দেশের অর্থনীতি ভালো থাকুক। করোনা যাতে বৃদ্ধি না পায়, তা–ও চাই। এ জন্য স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজ করতে হবে। ভ্যাকসিন নেবেন। মনে রাখতে হবে ভ্যাকসিন নিলে যে সুরক্ষিত হয়ে গেলেন তা কিন্তু নয়।লকডাউন আমরা করতে পারব না। এটা সরকারের সব সংস্থা মিলে সিদ্ধান্ত নেবে। আগামীতে দেখব কী সিদ্ধান্ত হয়। আমরা আমাদের কর্মকাণ্ড জোরদার করছি।

মন্ত্রী বলেন, ‘গত ১৫ দিনে অন্তত ২০ লাখ লোক কক্সবাজার, বান্দরবান, রাঙামাটিতে ঘুরেছে। কেউ মাস্ক পরেনি। মাস্ক ছাড়া বিয়ে–শাদিতে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হবে না। আমরা পরামর্শ দিয়েছি, এখন সরকার ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করবে।’

জাহিদ মালেক বলেন, মৃত্যুহার বেড়ে গেছে, সংক্রমণ বেড়েছে। করোনা এখনো নিয়ন্ত্রণে আছে। দেশের মানুষ এখনো ভালো অছে। কিন্তু যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কেউই ভালো থাকবে না। করোনা এখনো দেশ থেকে যায়নি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলেন। এখনো বেড়ানোর সময় হয়নি। আরেকটু ধৈর্য ধরুন। বেঁচে থাকলে সবাই বেড়াতে পারবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি