ডেস্ক রিপোর্টঃ
রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চল এলাকার চৌমাদিয়া বাজারে প্রকাশ্যে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আরও ১ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। বুধবার (২৪ মার্চ) রাত ১০টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম (৩০) ওই এলাকার হাজি দেওয়ানের ছেলে। এছাড়া যিনি অপহরণ হয়েছেন তার নাম মোশারফ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘায় মাদক ব্যবসায়ীদের গডফাদার রশিদ ও জিয়া। তারা প্রশাসনের চিহ্নিত মাদক ব্যবসায়ী। মূলত চরাঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এলাকায় আতঙ্ক ছড়াতে এই কাণ্ড ঘটিয়েছে সন্ত্রাসীরা।
এ ঘটনার বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুল বারী জানান, বুধবার (২৪ মার্চ) রাতে চরাঞ্চলের চৌমাদিয়া বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন মোশারফ ও ইব্রাহিম। তখন জিয়া ও রশিদ গ্রুপের লোকজন অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এসময় ইব্রাহিমকে কোপানো হয় ও মোশারফকে তুলে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, স্থানীয়রা ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।


















































