ডেস্ক রিপোর্টঃ
সিলেট নগরীর নুরহাজান গ্র্যান্ড আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাজ্য প্রবাসী নারীর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে শাহীন নামে ওই হোটেলের কর্মচারীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে ওই প্রবাসী নারীর ঘরে ঢুকে তার সঙ্গে ধস্তাধস্তি করে শ্লীলতাহানির চেষ্টা করে শাহীন। এ অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সিলেট নগরীর দরগাহ গেটস্থ নুরহাজান গ্র্যান্ড আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাজ্য প্রবাসী নারীর শ্লীলতাহানির চেষ্টা করে হোটেল কর্মচারী শাহীন। রাত সোয়া ১১টার দিকে ওই নারীর দরজায় কড়া নাড়ে শাহীন। প্রবাসী নারী দরজা খুলতেই শাহীন তার সঙ্গে শ্লীলতাহানির জন্য ধস্তাধস্তি শুরু করে। ওই সময় ওই নারীর চিৎকারে আশপাশের কক্ষের লোকজন এগিয়ে এসে শাহীনের কবল থেকে তাকে উদ্ধার করেন।
পরে খবর দিলে পুলিশ এসে শাহীনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ শুক্রবার (০২ এপ্রিল) বিকেলে জানান, শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওই নারীসহ ৮৩ জন যাত্রী সিলেটে আসেন। এদের মধ্যে হোটেল নূরজাহানে ৬, হোটেল অনুরাগে ১১ জন, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে ৩, হোটেল স্টার প্যাসিফিকে ১, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় ৮, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০ ও রয়েল প্লামে ১০ জন প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


















































