সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুক আইডি হ্যাক করে ‘অনৈতিক প্রস্তাব’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

এক নারীর ফেসবুক আইডি হ্যাক করে অনৈতিক প্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থেকে মো. সাকিব ওরফে আরিয়ান আতিফ (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় আটক যুবকের কাছ থেকে দুটি সিপিইউ, একটি ক্যামেরা, মেমোরি কার্ড, পেনড্রাইভ, মোবাইল ফোন ও দুটি সিম উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মুশফিকুর রহমান তুষার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মুশফিকুর রহমান তুষার জানান, গত ৫ এপ্রিল এক নারীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। ওই নারী তার এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন ২৭ মার্চ তার (বান্ধবীর) ফেসবুক অ্যাকাউন্টটিও হ্যাক হয়েছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ওই নারী অপর একটি ফেসবুক আইডি দিয়ে হ্যাক হওয়া আইডিটি ফিরিয়ে দিতে মেসেজ দিয়ে অনুরোধ জানান।

পরবর্তীতে হ্যাকার তাকে ভিডিওকলে গিয়ে আপত্তিকরভাবে উপস্থাপনের জন্য চাপ দিতে থাকে। এতে রাজি না হওয়ায় হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্টে থাকা তার বিভিন্ন ছবি এডিট করে অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ভিকটিমের বাবা র‌্যাব-১ এর সহযোগিতা চাইলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের কনকা রোড এলাকা থেকে সাকিব নামে হ্যাকারকে আটক করে র‌্যাব।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্যাকার সাকিব জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করে আসছেন। তিনি বিভিন্ন ভিডিও তৈরি করেন এবং ইউটিউবে প্রকাশ করেন। এর আড়ালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মেয়েদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। আটক হ্যাকারকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি