ডেস্ক রিপোর্টঃ
নরসিংদীতে পাঞ্জাবির বোতাম লাগানোকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে টেইলার্সে হামলায় একজন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৯টায় সদর উপজেলার পাঁচদোনা বাজারে এ হামলার ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- সদর উপজেলার নেহাব গ্রামের বাসিন্দা ও পাঁচদোনা বাজারের নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম (৬০), মেহেরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মনির হোসেন (৪৮), একই গ্রামের মৃত হামিদের ছেলে মিনাজ (৪৫) ও পাঁচদোনা গ্রামের সোলাইমান আলীর ছেলে স্থানীয় সোহাগ টেইলার্সের মালিক সিরাজ (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঞ্জাবির বোতাম লাগানোকে কেন্দ্র করে সন্ধ্যায় সোহাগ টেইলার্সের মালিক সিরাজ মিয়ার সঙ্গে পাঁচদোনা গ্রামের মাইন উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের কথাকাটাকাটি হয়। এ সময় জাহাঙ্গীর ও তার সহযোগীরা সিরাজকে মারধর করে। এ ঘটনার পর সিরাজ টেইলার্স বন্ধ করে বাসায় চলে গেলে বাজারের অন্যান্য ব্যবসায়িরা তাকে দেখতে যান। এ সময় তারা সিরাজকে বিচারের আশ্বাস দেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার জন্য টেইলার্স মালিক সিরাজকে নিয়ে বাজারে আসেন ব্যবসায়ীরা।
এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত জাহাঙ্গীর ও সাইদুর রহমান এর ছেলে নূর আলমের (২১) নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী দোকান খোলার কারণে আবার হামলা চালায়। এ সময় ফাঁকা গুলিতে বাজারের নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম গুলিবিদ্ধসহ চাপাতির কোপে আহত হন ৪ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা গুলিবিদ্ধ সালামকে ঢাকা মেডিকেলে পাঠান। বাকিদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ইউসুফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাত ৯টার দিকে এ হামলার ঘটনাটি ঘটেছে। কী কারণে কে বা কারা ঘটিয়েছে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।


















































