ডেস্ক রিপোর্টঃ
সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নের বেরীকান্দি বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী নূর খান বিনামূল্যের পাঠ্যবই ৫ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছেন।
বুধবার (১৯ মে) বিকেলে এ ঘটনায় তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এর আগে মঙ্গলবার (১৮ মে) রাতে প্রায় ৬শ কেজি সরকারি বই ও কার্টনসহ ভ্যানচালক মো. শহীদ মিয়াকে আটক করা হয়। পরে বুধবার (১৯ মে) দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান আলী নূর খানের কাছ থেকে এসব বই কিনেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ মে) বিকেল ৫টার দিকে ৫ টাকা কেজিতে ৬শ কেজি বই ও কার্টন ফাতেমানগর গ্রামের ভ্যানচালক শহীদ মিয়ার কাছে বিক্রি করেন শিক্ষক আলী নূর খান। বই নিয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনের সড়কে ভ্যানটি আটক করেন স্থানীয়রা। পরে এ সংবাদ পেয়ে বইগুলো উদ্ধার ও ভ্যানচালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
অভিযোগ বিষয়ে প্রধান শিক্ষক আলী নূর খান বলেন, ‘ভ্যানচালক মিথ্যা কথা বলছে। আমি কোনো বই বিক্রি করিনি।’
ভ্যানচালক শহীদ মিয়া বলেন, শিক্ষক আলী নূর খানের কাছ থেকে ৫ টাকা কেজিতে এসব বই ও কার্টন কিনেছি। এখন তিনি অস্বীকার করছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, এ ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, এ ঘটনায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, সরকারি বইসহ একজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী এমন খবরে পুলিশ পাঠাই। পরে ভ্যান-চালকসহ সরকারি বই জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ভ্যান-চালক জানায় প্রধান শিক্ষকের কাছ থেকে ৫ টাকা কেজিতে বই কিনেছে। এ কারণে তাকে ছেড়ে দেয়া হয়েছে।























































