শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেনীতে অপহরণের ১৫ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০২১


ডেস্ক রিপোর্টঃ

ফেনীতে স্কুলছাত্রী অপহরণের ১৫ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

শহরের মহিপাল চাড়িপুর আলহাজ্ব কোব্বাদ আহম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীটি গত ৫ই মে সকালে বাড়ির পাশে স্থানীয় মুদি দোকানে মালামাল কিনতে গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা বখাটে মো. জাবেদ হোসেনের নেতৃত্বে ৯/১০ জন দুর্বৃত্ত স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণের পর থানায় মামলা দায়ের করলেও স্কুলছাত্রী উদ্ধার না হওয়ায় স্বজনদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।

স্কুল ছাত্রীর বাবা মামলার বাদি মো. হানিফ জানান, তার মেয়ে গত ৫ই মে সকালে বাড়ির পাশে স্থানীয় মুদি দোকানে মালামাল কিনতে যান। এসময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা বখাটে মো. জাবেদ হোসেনের নেতৃত্বে ৯/১০ জন দুর্বৃত্ত জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে তার মেয়েকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ৬ই মে তিনি ফেনী মডেল থানায় লিখিত একটি এজহার দিলে পুলিশ সেটিকে এজহার হিসেবে না নিয়ে নিখোঁজ হয়েছে মর্মে সাধারণ ডায়েরি (ডায়েরি নং-২৯৯) হিসেবে গ্রহণ করে। গত ১১ই মে অপহৃত স্কুলছাত্রীর বাবা মো. হানিফ বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা (৯৯/২০২১) দায়ের করেন। আদালত মামলার শুনানি করে থানায় মামলা নেওয়ার নির্দেশ দেন।

তিনি আরো জানান, গত ১৯ই মে তিনি বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অপহরণকারী মো. জাবেদ হোসেন (২৫), তার সহযোগী মো. শিবলু (২৪), দিদারুল আলম (২৫) ও রবিন (২৫) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া জানান, পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। আসামিদের বাড়িতে ইতোমধ্যে তল্লাশি চালানো হয়েছে। ঘটনার পর থেকে তারা সবাই পলাতক রয়েছে।

অপহৃত স্কুলছাত্রীর বাবা মামলার বাদি মো. হানিফ জানায়, আসামিরা আমার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ পরবর্তী ধর্ষণ ও খুন করে লাশ গুম করে ফেলার আশংকা করছি। অপহরণের দীর্ঘ ১৫ দিনেও মেয়ে উদ্ধার না হওয়ায় বর্তমানে আমার পরিবারের লোকজন উদ্বেগ উৎকন্ঠায় দিনাতিপাত করছে। আমার মেয়েকে উদ্ধারে প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করছি।

ফেনী মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, অপহরণকারী মো. জাবেদ হোসেনের মুঠোফোন ট্রেকিং করে অবস্থান শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে ঘটনার পর থেকে তার মুঠোফোনের সংযোগটি বন্ধ থাকায় পুলিশ তার অবস্থান নিশ্চিত হতে পারছে না। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারবে বলে জানিয়েছে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি