স্পোর্টস ডেস্ক:
মৌসুম সমাপ্তির পথে। বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তিও শেষ হচ্ছে। আগামী মৌসুমে কোন দলের জার্সিতে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে। এনিয়ে ভক্তদের মাঝে বাড়তি আগ্রহ। তবে আপাতত নতুন খবর হচ্ছে কাতালান দলটির সঙ্গেই থাকতে চলেছেন মেসি। কয়েকদিনের মধ্যে নতুন চুক্তি করতে চলেছে দুই পক্ষ।
গেল বছর মেসি জানিয়ে দেন, বার্সার হয়ে আর খেলার ইচ্ছা নেই তার। ইংলিশ দল ম্যানচেস্টার সিটি ও ফ্রেঞ্চ দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করে।
অন্যদিকে বিয়েন স্পোর্টসের প্রতিবেদক আচরাফ বেন আয়াদ দাবি করছেন বার্সায় থাকছেন মেসি।
বার্সা ও মেসির সঙ্গে ঘনিষ্ঠ এই সাংবাদিক টুইট পোস্টে বলেছেন, ‘লিওনেল মেসি বার্সেলোনার হয়ে খেলা চালিয়ে যেতে চান। কাতালান দলটির সঙ্গে তার সম্পর্ক অটুট থাকছে।’
২০১৯/২০ মৌসুমে শেষে দল ছাড়ার সিদ্ধান্ত জানান মেসি। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত তিনি স্প্যানিশ দলটির সঙ্গে চুক্তিবদ্ধ। চলমান মৌসুম পর্যন্ত দলে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
২০২০/২১ মৌসুমের শুরুটা ভালো হয়নি স্প্যানিশ জায়ান্টদের। মৌসুমের মাঝে দলটির প্রেসেডেন্ট হিসেবে নির্বাচিত হন হোয়ান লাপোর্তা। সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেম্যুর বিদায়ের পরই ঘুরে দাঁড়ায় নু ক্যাম্পের দলটি।
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোল থেকে থেকে ছিটকে পড়লেও লা লিগায় তৃতীয় স্থান অর্জন করে বার্সেলোনা। অন্যদিকে কোপা দেল রে’র শিরোপা নিশ্চিত করে তারা।
অন্যদিকে মেসি ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। সব রকমের প্রতিযোগিতায় ৪৭ ম্যাচে অংশ নেন মেসি। ৩৮টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেন।
দায়িত্বগ্রহণের পরপরই লাপোর্তা জানান, মেসিকে নিজেদের করে রাখার জন্য যা যা প্রয়োজন সবই করতে প্রস্তুত তিনি।
স্পোর্টস বাইবেল জানাচ্ছে, মেসিকে খুশি করতে এরইমধ্যে ম্যানচেস্টার সিটি থেকে বন্ধু সার্জিও আগুয়েরোকে আনার পরিকল্পনা নিয়েছে দলটি।

























































