ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ রোববার (২৩ মে) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। গতকাল শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকের বিষয়টি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘স্থায়ী কমিটির সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আমি অবগত করি। শারীরিক অবস্থা একই রকম স্থিতিশীল আছে। তিনি সিসিইউতে চিকিৎসাধীন। সিসিইউ থেকে বের হতে পারছেন না। চিকিৎসকোরা অনুমতি দিচ্ছেন না। তাঁর ফুসফুসে এখনও পাইপ রয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় আসন্ন উপনির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে। দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় এবং এই নির্বাচন কমিশনের অযোগ্যতা ও প্রতিটি নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে আগামীতে লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে অংশ গ্রহণ করবে না দল।’
করোনা সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় ব্যর্থতায় সরকারের এখনই পদত্যাগ করা উচিত বলে মনে করেন মির্জা ফখরুল বলেন, ‘টিকাপ্রাপ্তি সংক্রান্ত বিষয়টির সব দায় সরকারকেই নিতে হবে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ খারাপ হওয়ায় এবং ব্ল্যাক ফাঙ্গাস রোগ মহামারি আকার ধারণ করায় জনগণের মধ্যে হতাশা ও ভীতির সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা এবং টিকাপ্রাপ্তির রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচির ঘোষণা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৯ মে তাঁর জীবন নিয়ে ভার্চুয়াল আলোচনা করা হবে। এতে সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা নেতাকর্মীরা যুক্ত থাকবেন।’
এ ছাড়া বিএনপির কর্মসূচির মধ্যে ৩০ মে সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয় ও দেশের মহানগর, জেলা, উপজেলার দলীয় কার্যালয়ে দলের পতাকা অর্ধনমিত করা এবং কালো পতাকা উত্তোলনের কথা রয়েছে। ওইদিন বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। সারা দেশে মহানগর, জেলা, উপজেলা ও পৌর কমিটিগুলো জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করবে।























































