শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেয়ের ধর্ষণের ভিডিও দেখিয়ে মায়ের কাছে চাঁদা দাবি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার ৩ বন্ধু মোবাইল ফোনে ভিডিও ধারণ ও অশ্লীল ছবি তুলে রাখে। সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ছাত্রীর মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে তারা।

রোববার (২৩ মে) সকালে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত রিমন ফকির (২২) ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রাঙ্গামাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে রিমন ফকির (২২) পার্শ্ববর্তী গ্রামের এক স্কুলছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। স্কুলছাত্রী এই প্রস্তাবে রাজি হয়নি। এ অবস্থায় ১৮ এপ্রিল দুপুরে ওই স্কুলছাত্রী বাড়ির পাশে মসজিদে কোরআন শিক্ষা শেষে বাড়ি যাওয়ার পথ থেকে তাকে নিজের বাড়িতে ডেকে নেয় রিমন।

একপর্যায়ে স্কুলছাত্রীকে ঘরের ভেতর নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে রিমন ফকির। এ সময় রিমনের ৩ বন্ধু ওই ঘরের জানালা দিয়ে মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করে। এঘটনা কাউকে জানালে ভিডিওটি ছড়িয়ে দেয়ার ভয় দেখানো হয়। ভয়ে বিষয়টি গোপন রাখে স্কুলছাত্রী।

পরে গত ৬ মে রাতে রিমন ও তার বন্ধুরা স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে মোবাইল ফোনে সেই ভিডিও দেখিয়ে স্কুলছাত্রীর মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না পেলে তারা ধর্ষণের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ১১ মে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করে। ওই মামলায় বখাটে রিমন ফকির ও তার তিন বন্ধুকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের আদেশে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগী মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি