শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কুমিল্লাসহ ৪ আসনে উপনির্বাচনের সময় জানালো নির্বাচন কমিশন


কুমিল্লাসহ ৪ আসনে উপনির্বাচনের সময় জানালো নির্বাচন কমিশন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। গেল মার্চ মাস থেকে দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লকডাউনের ঘোষণা দেয়া হয়। ফলে স্থগিত হয়ে যায় দেশে চলমান ইউপি, পৌরসভা এবং উপনির্বাচনগুলো। এদিকে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জুলাইয়ের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার। সোমবার (২৪ মে) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, ঠিক কোন তারিখে নির্বাচন হবে, সেটি ২ জুনের কমিশন সভায় নির্ধারণ হবে। এছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিষয়েও ওই বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসন শূন্য রয়েছে। এসব আসনে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদের মৃত্যুতে সিলেট-৩ আসন শূন্য ঘোষণা করা হয়। করোনা সংকটে সিইসি ৯০ দিন ভোটের সময় পিছিয়ে দিয়েছেন। ফলে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ আসনে উপনির্বাচন করা যাবে।

গত ৪ এপ্রিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, এখানে ২ জুলাইয়ের মধ্যে উপনির্বাচন করতে হবে।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ১৪ এপ্রিল আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে কুমিল্লা-৫ আসন শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী, এখানে ১২ জুলাইয়ের মধ্যে ভোট করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি