শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ডাক ভবন উদ্বোধন ও স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী


ডাক ভবন উদ্বোধন ও স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর আগারগাঁওয়ে আধুনিক সুবিধা সম্পন্ন নতুন ডাক ভবনের যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৭ মে)।

এ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডাক ভবনে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জানা যায়, চিঠি, ডাকবাক্স, ডাক হরকরাকে ভুলে না যায়- সেজন্য ডাক বাক্সের আদলে নতুন ডাক ভবন নির্মাণ করা হয়েছে।

৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে দুটি বেজমেন্টসহ ১৪ তলা ভবন নির্মাণের জন্য ‘বাংলাদেশ ডাক অধিদফতরের সদরদফতর’ শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ২০ মার্চ একনেকে অনুমোদিত হয়। নবনির্মিত ডাক ভবনে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিক্যাল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ১৯৭১ সালের ২০ ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকেই তৎকালীন ঢাকা জিপিও ভবনের কয়েকটি কক্ষ নিয়ে ডাক অধিদফতরের যাত্রা শুরু হয়। তীব্র স্থান সংকটের মধ্যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ঢাকার গুলিস্তানে অবস্থিত ঢাকা জিপিও ভবনের তৃতীয় তলায় ডাক অধিদফতরের প্রশাসনিক সদর দফতরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ঢাকা জিপিও প্রায় ৬০ বছরের পুরনো হয়ে যাওয়ায় ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সম্ভব ছিল না। ফলে স্থান সংকুলান না হওয়ায় দাফতরিক কর্মপরিবেশ ও গতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিলো। এ অবস্থায় ডাক অধিদফতরের সদর দফতর হিসেবে একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও নান্দনিক স্বতন্ত্র ডাক ভবন স্থাপন করা ছিল একান্ত জরুরি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি