শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন করার অভিযোগে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা


নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন করার অভিযোগে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

অনুমোদনহীন নকল কসমেটিকস ও ভেজাল খাদ্য উৎপাদন, মজুত এবং বিক্রির অভিযোগে ৭ প্রতিষ্ঠানকে ৯ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালত দু’টি প্রতিষ্ঠানকে সিলগালা ও ১৭ লাখ টাকার অনুমোদনহীন নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর কেরাণীগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল টানা অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

শুক্রবার (২৮ মে) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কেরাণীগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিকস ও ভেজাল খাদ্য উৎপাদন, মজুত এবং বিক্রির অপরাধের আরিফ কসমেটিকসকে ৩ লাখ টাকা, দিশা মনি কসমেটিকসকে ১ লাখ টাকা, সোনারগাঁও বেভার্জ অ্যান্ড ফুড প্রোডাক্টকে ৩ লাখ টাকা, অপরুপা ফুডকে ৫০ হাজার টাকা, ডেইনটি ডেইরি ফার্মকে ৫০ হাজার টাকা, জারিফ দধি বন্দরকে ৫০ হাজার ও টিসুনামি ফুড প্রোডাক্টকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সোনিয়া লজেন্স ও চায়না ব্রেড বেকারি নামের দু’টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত ১৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন নকল কসমেটিকস ও ভেজাল খাদ্য ধ্বংস করে।

এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, এসব এলাকায় যারা অনুমোদনহীন নকল কসমেটিকস ও ভেজাল খাবার উৎপাদন, মজুত এবং বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে র‌্যাব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি