সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মিতু হত্যায় সাক্ষ্য দেওয়ার পর নিরাপত্তা চেয়ে মুসার স্ত্রীর জিডি


মিতু হত্যায় সাক্ষ্য দেওয়ার পর নিরাপত্তা চেয়ে মুসার স্ত্রীর জিডি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০২১

ডেস্ক রিপোর্টঃ

আলোচিত সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে দায়ের হওয়া নতুন মামলায় আদালতে সাক্ষ্য দেওয়ার ১ দিন পর এবার নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম সিকদার ওরফে মুসার স্ত্রী পান্না আক্তার।

মঙ্গলবার (১ জুন) চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় তিনি এ জিডি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী।

তিনি বলেন, ‘পান্না আক্তার সোমবার (৩১ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিতু হত্যাকাণ্ডে দায়ের হওয়া নতুন মামলায় সাক্ষ্য দিয়েছেন। এতে অজ্ঞাত কোনো ব্যক্তি তার ক্ষতিসাধন করতে পারে, এই আশঙ্কা থেকে তিনি জিডি করেছেন। আমরা বিষয়টি দেখছি।’

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের করেন হত্যা মামলা।

দীর্ঘ পাঁচ বছরের তদন্ত শেষে হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা পায় মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। ১২ মে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তিনি। একই দিন মিতুর বাবা ও সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে মোট ৮ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।

মামলায় বাবুল আক্তার ছাড়া বাকি সাত আসামি হলেন- মো. কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা (৪০), এহতেশামুল হক ওরফে হানিফুল হক ওরফে ভোলাইয়া (৪১), মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম (২৭), মো. আনোয়ার হোসেন (২৮), মো. খায়রুল ইসলম ওরফে কালু (২৮), সাইদুল ইসলাম সিকদার (৪৫) ও শাহজাহান মিয়া (২৮)।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি