শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাঁজার গাছসহ গাঁজা চাষি আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৬.২০২১

ডেস্ক রিপোর্ট:

পঞ্চগড়ের আটোয়ারীতে তাজা গাঁজার গাছসহ গাঁজা চাষিকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীনের দিকনির্দেশনা মোতাবেক ওসি (তদন্ত) মো. দুলাল উদ্দীনের নেতৃত্বে এস আই মোকারম, এস আই ফজলুল করিম, এএসআই আজাদুন্নবী, এএসআই ফরহাদ, এএসআই রায়হান, এএসআই মিজানুর, কনস্টেবল আজিজুল ও কনস্টেবল জাহিনুর গতকাল দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চৌকস অভিযানকারী দল তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামে অভিযান চালিয়ে গাঁজার তাজা গাছসহ গাঁজা চাষি ওই গ্রামের ফয়জুল হকের পুত্র মো. সফিকুল ইসলাম (৩৬)কে আটক করতে সক্ষম হয়।

ওসি (তদন্ত) দুলাল উদ্দীন জানান, থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীনের নির্দেশনা মতে উপজেলার বোধগাঁও গ্রামের গাঁজা চাষি সফিকুলের বাড়িতে উপস্থিত হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে সফিকুল দৌড়ে পালানোর চেষ্টা কালে ঘটনাস্থলেই সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়। এ সময় তার বাড়ি সংলগ্ন সবজি বাগানের ভেতর হতে ১৫টি ছোট বড় পাতাসহ তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। ওসি (তদন্ত) জানান, আটককৃত আসামি বসতবাড়ি সংলগ্ন তার চাষকৃত সবজি বাগানের ভেতর গাঁজার গাছ রোপণ করে বিক্রয়ের উদ্দেশ্যে চাষাবাদ করে আসছে। তাজা গাঁজার গাছসহ একজন আটকের বিষয়টি ওসি ইজার উদ্দীন নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৮(ক) ধারার অপরাধে আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলা নং-১০, তারিখ- ২১/০৬/২০২১ইং। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি