সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৩ সংসদ সদস্যসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৬.২০২১

ডেস্ক রিপোর্ট:

ক‌্যাসিনোসহ বিভিন্ন অবৈধ ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে তিন সংসদ সদস্যসহ ছয় জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জুন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুদকের পক্ষ থেকে ছয় জনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে তিন সংসদ সদস্যসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। গত ১৩ জুন আদালত থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে বিমানবন্দর ইমিগ্রেশনকে এ নির্দেশনা দেওয়া হয়।

যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা হলেন- চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান সাজ্জাদুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ।

এর আগে ২০১৯ সালের ২৩ অক্টোবর পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে এই ছয় জনসহ ২২ জনের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞায় অনুরোধ জানিয়েছিল দুদক। তবে সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে দেশত্যাগে বা বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞায় নিম্ন আদালতের অনুমতি নিতে হচ্ছে সংস্থাটিকে। এরই ধারাবাহিকতায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ছয়জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেন আদালত।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এরইমধ্যে ২৩টির মতো মামলা দায়ের করা হয়েছে। একইভাবে ১২টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এসব মামলায় সম্পৃক্ত ব্যক্তিদের অবৈধ সম্পদও জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অনেক আসামিকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি