শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পোশাক শ্রমিককে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০২১

ডেস্ক রিপোর্টঃ

ঢাকার সাভার উপজেলায় এক নারী পোশাকশ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা করেছেন তিনি। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে গত ২২ জুন রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকেরা হলেন তারেক রহমান (২১), রাব্বি (২০) ও অমিত হাসান (২২)। তাঁরা সবাই তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ছাড়া অভিযোগকারী ওই নারী হেমায়েতপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

পুলিশ জানায়, গত ২২ জুন রাতে পোশাক কারখানায় কাজ শেষ করে অভিযোগকারী ওই নারীশ্রমিক নিজ ভাড়া বাসায় ফিরছিলেন। এ সময় ওই নারীর পূর্বপরিচিত দুই যুবক তারেক ও রাব্বী তাঁকে রাস্তা থেকে নিজেদের ভাড়া বাসায় তুলে নিয়ে যান এবং নির্যাতন চালান। ধর্ষণের বিষয়টি কাওকে জানালে ওই নারীকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেন অভিযুক্তরা।

পরে ওই নারীশ্রমিক ভয়ভীতি উপেক্ষা করে রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন। এরপর তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগকারী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি জাহিদুল ইসলাম বলেন, আসামিদের আজ দুপুরে আদালতে পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি