শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এএসপি পরিচয়ে পঞ্চম বিয়ে, শ্বশুরবাড়ি থেকে আটক যুবক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৬.২০২১

ডেস্ক রিপোর্ট:

বগুড়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে কলেজ পড়ুয়া তরুণীকে বিয়ে করার অভিযোগে আব্দুল আলীম (৩২) নামে এক যুবক আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোকুল ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তার আব্দুল আলীমের বাড়ি পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার ডাকিয়াপারা গ্রামে। তার বাবার নাম ফজলুল হক (মৃত)। এএসপি পরিচয় দিলেও আলিম একজন বাদাম বিক্রেতা। এটি তার পঞ্চম বিয়ে, তার দুটি সন্তানও রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে সদর থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, মুঠোফোনের মাধ্যমে আলীমের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ‌ওঠে। প্রায় দেড় বছর ধরে নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে প্রেম চালিয়ে যান আলীম। চলতি মাসের ১৮ তারিখ তিনি তার প্রেমিকার বাড়ি যান এবং ৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকা মোহরানা দেখিয়ে বিয়ে করে সেখানেই সংসার শুরু করেন।

পুলিশ জানায়, আলীম তার শ্বশুরবাড়ির লোকজনকে জানান তিনি রংপুরের সৈয়দপুর নামে এলাকায় একটি পুলিশ ফাড়িতে কর্মরত আছেন। কিন্তু তার কথাবার্তায় অসংলগ্নতা পেলে সন্দেহ করে শ্বশুরবাড়ির লোকজন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে নিজের বাদাম বিক্রির পেশার কথা স্বীকার করেন আলীম। এও জানান, তিনি পুলিশ নন; তবে সোর্স হিসেবে কাজ করেন।

এসআই বেদার উদ্দিন বলেন, স্থানীয়দের সহায়তায় ওই তরুণীর পরিবার বিষয়টি আমাদের জানালে আলীমকে আটক করা হয়। অপরদিকে আলীম নিজেও প্রাণ বাঁচাতে ৯৯৯ নম্বরে কল দিয়ে তাকে উদ্ধারে সহযোগিতা চান।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, আটক আলীমের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি