শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যে কারণে আমলাদের প্রভাব বেড়েছে আর রাজনীতিবিদরা ব্যাকফুটে


যে কারণে আমলাদের প্রভাব বেড়েছে আর রাজনীতিবিদরা ব্যাকফুটে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০২১

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে গত বছর করোনা সংক্রমণের পর থেকেই আমলাদের দাপট বেড়েছে। এখন আমলাতন্ত্র নিয়ে কথাবার্তা হচ্ছে সর্বত্র। জাতীয় সংসদের অধিবেশনে আমলাদের প্রভাব নিয়ে কথা হয়েছে এবং আমলাতন্ত্র এখন সরকারের চালিকাশক্তি হয়েছে বলেও সমালোচনা হয়েছে। প্রশ্ন উঠেছে কেন আমলাদের প্রভাব বাড়লো? কেন আমলারা লাইমলাইটে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকরা মোটাদাগে পাঁচটি কারণ পেয়েছে। এই কারণগুলোর মধ্যে রয়েছে,

১. করোনার প্রথম ধাক্কায় রাজনীতিবিদদের ভয়: বাংলাদেশে যখন করোনা সংক্রমণ শুরু হয়েছিল তখন রাজনীতিবিদরা প্রচন্ড ভয় পেয়েছিল এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা সবাই ঘরে ঢুকে গিয়েছিলেন। এই সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বাধ্য হয়েই আমলাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। কারণ সেই সময় অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। সারাদেশে সাহায্য ত্রাণ সাহায্য পৌঁছে দেওয়া, করোনা পরিস্থিতি মনিটরিং করা ইত্যাদি। যখন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং রাজনীতিবিদরা করোনার ভয়ে ঘরে উঠে গিয়েছিলেন সেই সময় আমলাদের দিয়েই এই সমন্বয় এবং মনিটরিংগুলো করতে হয়েছিল প্রধানমন্ত্রীকে।

২. দুর্নীতির বিতর্কের শঙ্কা: রাজনীতিবিদদের দিয়ে করোনার সমন্বয় এবং করোনা মোকাবেলার কাজ করা হলে এখানে দুর্নীতির বিতর্ক আসতো। কিছু কিছু ক্ষেত্রে যে বিতর্ক আসেনি তা না। যে সমস্ত জায়গায় দুর্নীতির অভিযোগ এসেছে সবগুলোতেই জনপ্রতিনিধিদের বিরুদ্ধেই অভিযোগ এসেছে। আর এটি যদি আমলাদের দিয়ে পুরো ত্রাণ এবং করোনা মোকাবেলার সমন্বয় না করা হতো তাহলে আরো বেশি দুর্নীতির অভিযোগ আসতো। সেই অভিযোগ থেকে সরকার মুক্ত হওয়ার জন্যই প্রধানমন্ত্রী আমলাদের দিয়ে করোনার সার্বিক দায়িত্ব পালন করিয়েছেন।

৩. মাঠ প্রশাসনের সাথে কেন্দ্রের সমন্বয়: মাঠ প্রশাসনের সঙ্গে কেন্দ্রের সমন্বয়ের জন্য আমলাদের একটি চেইন তৈরি করা অত্যন্ত জরুরি ছিল। কারণ অধিকাংশ জেলাতেই জনপ্রতিনিধিদের সঙ্গে মাঠ প্রশাসনের নানারকম দ্বন্দ্ব-সংঘাতের খবর পাওয়া যাচ্ছিল। এর ফলে জনপ্রতিনিধিদের নির্দেশনা অনেক সময় মাঠ প্রশাসন মানতে অনীহা প্রকাশ করছিল। করোনার একটা জরুরী আপদকালীন সময়ে এইরকম বিতর্ক যেনো দীর্ঘায়িত না হয় এজন্যই জেলার দায়িত্ব সচিবদেরকে দেওয়া হয়েছিল। ফলে সচিবরা যেহেতু সরাসরি মাঠ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ফলে মাঠ প্রশাসনে একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠিত হয়েছিল।

৪. আওয়ামী লীগ যেন বিতর্কিত না হয়: করোনার সময় সরকারের কার্যক্রমগুলো প্রশাসনিকভাবে করার উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর একটি বড় কারণ ছিল আওয়ামী লীগ যেনো বিতর্কিত না হয়। যদি এই কার্যক্রম আওয়ামী লীগ বা রাজনীতিবিদরা করতো তাহলে বিরোধী পক্ষ এবং বিভিন্ন মহল থেকে নানা রকম অভিযোগ এনে আওয়ামী লীগকে বিতর্কিত করার একটা চেষ্টা হতো। সেই চেষ্টা যেন না হয় সেজন্যই প্রধানমন্ত্রী সরকারের কাজগুলোকে প্রশাসনিকভাবে করার উদ্যোগ নিয়েছেন বলে অনেকে মনে করেন।

৫. জনপ্রতিনিধিদের জনবিচ্ছিন্নতা: ২০১৮ এর নির্বাচনের পর দেখা গেছে যে, জনপ্রতিনিধিদের মধ্যে একটা আয়েশী ভাব। তারা জনগণ থেকে কেউ কেউ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এলাকায় তারা যাচ্ছেন না। তাছাড়া তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে। আর এই জনবিচ্ছিন্নতার কারণে তাদেরকে দিয়ে করোনা মোকাবেলার সমন্বয় এবং তাদের নেতৃত্বে সমস্ত ত্রান এবং অন্যান্য কাজগুলো করার ঝুঁকি নিতে চাননি প্রধানমন্ত্রী। আর সে কারণেই তিনি আমলাদের ওপর নির্ভর করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন যে, আমলাদের দিয়ে কাজ করার প্রধান কারণ প্রধানমন্ত্রী করোনার কাজটি একটি সরকারি উদ্যোগ হিসেবে দেখেছেন। যে কারণে তিনি সরকারের সমস্ত কর্মকর্তা-কর্মচারীদেরকে এর সঙ্গে যুক্ত করেছেন। এতে যেটি সুবিধা হয়েছে যে, রাজনীতিবিদদেরকে কথায় কথায় যে অভিযুক্ত করা হয় বা রাজনীতিবিদদের ওপর দোষারোপ করা হয় সেই সুযোগটি প্রধানমন্ত্রী দিতে চাননি।

সূত্র: বা.ইন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি