ডেস্ক রিপোর্টঃ
কুষ্টিয়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে করোনায় ১৩ জন ও উপসর্গে ছয়জন এবং কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় একজন ও নিজ বাড়িতে করোনায় একজন মারা গেছেন। জেলায় ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।
রোববার (৪ জুলাই) করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।
এদিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত একজন এবং বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন করোনা রোগী মারা গেছেন। মৃত দুজনের বাড়িই উপজেলার নন্দলালপুর ইউনিয়নে। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকুল উদ্দিন করোনা আক্রান্ত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে এখন শয্যার চেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। এরমধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ২০৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৬৮ জন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, শয্যা না থাকায় এখন রোগীদের মেঝেতে রাখতে হচ্ছে। প্রতিদিনই হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর চাপ যেভাবে বাড়ছে তাতে সেবা প্রদান করা কঠিন হয়ে দাঁড়াবে।’
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তীব্র অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। সবচেয়ে বৃহৎ আয়তনের এ উপজেলাতে ৫০ শয্যার হাসপাতালে ৩০ জনের মতো করোনা রোগীর চিকিৎসা চলছে, যার মধ্যে ১৬ জনের অবস্থা সঙ্কটাপন্ন।


















































