ডেস্ক রিপোর্টঃ
করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে পঞ্চম দিনের মতো চলছে সরকারঘোষিত কঠোর লকডাউন (বিধিনিষেধ)। এই বিধিনিষেধ যারা অমান্য করছেন তাদের আটক করে আদালতে পাঠাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ডিএমপি অধ্যাদেশ আইনে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করে আটককৃতদের ছেড়ে দিচ্ছেন।এর মধ্যে ২ দিনে জরিমানার টাকা দিতে না পারায় ১৬৩ জনকে সাধারণ ক্ষমা করেছেন আদালত। তবে আদালত চলাকালীন তাদের কয়েক ঘণ্টা কারাভোগ করতে হয়।
আদালত থেকে পাওয়া তথ্যমতে, কঠোর বিধিনিষেধ চলার পঞ্চম দিন পর্যন্ত দুই হাজার ৮২৫ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ২৬৩ জন, শুক্রবার ৬২৯ জন, শনিবার ৬০৭ জন, রোববার ৬৩৬ জন ও সোমবার ৬৯০ জনকে জরিমানা করা হয়।
জরিমানার টাকা দিতে না পারায় বৃহস্পতিবার ৩ জন, শুক্রবার ৫৪ জন ও শনিবার ১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রবিবার জরিমানার টাকা দিতে না পারায় ৯৩ জন ও সোমবার ৭০ জনকে সাধারণ ক্ষমা করেছেন আদালত। আদালত চলাকালীন তারা হাজতবাস করেছেন।
ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানা থেকে ৬৯০ জনকে আদালতে আনা হয়েছে। প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন আদালত। এদের মধ্যে ৭০ জন জরিমানা টাকা দিতে না পারায় তাদের সাধারণ ক্ষমা করেন।
তিনি আরও বলেন, রবিবার ৬৩৬ জনকে আদালতে হাজির করে জরিমানা করেন আদালত। এদের মধ্যে জরিমানার টাকা দিতে না পারায় ৯৩ জনকে সাধারণ ক্ষমা করা হয়।























































