শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার ১০৪ জন ডাক্তারকে গণবদলি, স্বাস্থ্য খাতে তোলপাড়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৭.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ১০৪ জন চিকিৎসককে গণবদলি করা হয়েছে। এ নিয়ে কুমিল্লার স্বাস্থ্য খাতে তোলপাড় চলছে।

সূত্রমতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সোমবার (৫ জুলাই) এক প্রজ্ঞাপনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ২২জন চিকিৎসককে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতাল, ২১জন চিকিৎসককে নারায়ণগঞ্জ ৩০০শয্যা হাসপাতালে, ৬১জনকে কুমিল্লা জেনারেল হাসপাতালসহ কুমেক হাসপাতালের করোনা ইউনিটে বদলি করা হয়েছে। তাদের ৭ জুলাই কর্মস্থলে যোগদানের কথা বলা হয়েছে। নতুবা ৮ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, করোনা পরীক্ষা ল্যাবে প্রতিদিন ছয় শতাধিক রোগীর করোনা পরীক্ষা করা হয়। তিনটি টিমে সেখানে ১৫জন চিকিৎসক কাজ করেন। তাদের প্রত্যেক পাঁচজনের টিমের একজন প্রধান রয়েছেন। তিনটি টিমের প্রধানসহ ১৩জনকে বদলি করা হয়েছে। এতে বন্ধ হয়ে যাবে করোনা পরীক্ষার ল্যাব।

অন্যদিকে বৃহত্তর কুমিল্লার অধিকাংশ ময়নাতদন্ত হয় কুমিল্লা মেডিকেল কলেজে। যেই লোকবল তা দিয়ে কার্যক্রম চালাতে হিমশিম খেতে হয়। সেখানে এই ফরেনসিক মেডিসিন বিভাগের তিনজন চিকিৎসককে বদলি করা হয়েছে। এই বিভাগের প্রধান ডা. শারমিন সুলতানা। তিনি এখানে একমাত্র নারী চিকিৎসক। ধর্ষণের পরীক্ষার জন্যও নারী চিকিৎসক প্রয়োজন।

এদিকে, বদলির কারণে হাসপাতালের বার্ন ইউনিট, সার্জারি বিভাগ, ক্যান্সার বিভাগ, আইসিইউ বিভাগ ও মেডিসিন বিভাগও সংকটে পড়বে।অপরদিকে, করোনা রোগী ছাড়াও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন আট শতাধিক রোগী ভর্তি হয়। তাদের চিকিৎসা সেবা ব্যাহত হবে। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজে সাত শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের অনলাইনে ক্লাস-পরীক্ষা চলছে। তাদের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হবে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম বলেন, বদলিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কথা বলে করা হয়নি। এই বদলি কুমিল্লার স্বাস্থ্য খাতকে হুমকির মুখে ফেলবে। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি পুনঃবিবেচনা করবেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রেজাউল করিম বলেন, এই হাসপাতালে কয়েকটি জেলার রোগীর চাপ রয়েছে। বদলির কারণে হাসপাতালের বার্ন ইউনিট, সার্জারি বিভাগ, ক্যান্সার বিভাগ, আইসিইউ ও মেডিসিন বিভাগ সংকটে পড়বে। এছাড়া করোনা রোগী ছাড়াও এখানে অন্যান্য রোগী ভর্তি থাকে তাদের চিকিৎসা সেবা ব্যাহত হবে। আমরা কর্তৃপক্ষকে সংকটের ব্যাপারে জানিয়েছি। আশা করছি তারা বিষয়টি বিবেচনা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ বলেন, বদলির বিষয়টি নিয়ে আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি। তারা আমাদের এ বিষয়ে লিখিত দিতে বলেছেন। আশা করছি জরুরি ক্ষেত্রে কর্তৃপক্ষ বিবেচনা করবেন।

কুমিল্লার সিভিল সার্জন ডা.মীর মোবারক হোসাইন বলেন, বদলির কারণে যেন কুমিল্লার কোন স্বাস্থ্য সেবায় সমস্যা না হয় সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি কোন সেবা বিঘ্নিত হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি