শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীতে নিজ ফ্ল্যাট থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৭.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে মজিবুর রহমান স্বপন নামের এক সৌদিপ্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ৩য় তলার নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) গভীর রাতে নগরীর বজ্রপুর এলাকায় প্রবাসী নামক একটি ভবনের ৩য় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রবাসী মজিবুর রহমান স্বপন জেলার নাঙ্গলকোট উপজেলার আশারকোটা গ্রামের মাওলানা আব্দুল গফুরের ছেলে।

স্হানীয় সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর সাথে মজিবুর রহমানের ডিভোর্স হওয়ার পর সে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীর ঘরে তার দুটি সন্তান রয়েছে। প্রায় ৩ বছর আগে দ্বিতীয় স্ত্রী মৃত্যুবরণ করেন। এরপরই আগামী শুক্রবার তা্র তৃতীয় বিয়ের দিন ধার্য করা হয়েছিল।

পুলিশ সূত্র জানায়, নগরীর বজ্রপুর এলাকার ওই ফ্ল্যাটে প্রবাসী মজিবুর রহমান স্বপন ভাড়া থাকতেন। আগামী শুক্রবার নাঙ্গলকোট উপজেলার নগরীপাড়া গ্রামে তার ৩য় বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে গত মঙ্গলবার বিয়ের কিছু কেনাকাটা শেষে সে রাতে ওই ফ্ল্যাটে অবস্থান করছিল। বুধবার সকাল থেকে দিনভর তাকে ফোন করা হলেও রিসিভ না করায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। একপর্যায়ে বুধবার রাতে ওই ফ্ল্যাটের দরজা ভেঙ্গে স্বজনরা ঘরে প্রবেশ করে মরদেহ খাটে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ওই ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ মৃত্যুর পেছনে অন্যকোন কারণ আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি