ডেস্ক রিপোর্ট:
নিউইয়র্কে গাড়িচাপায় বরকত উল্লাহ মুন্না নামে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে শহরের ম্যানহাটনে এ দুর্ঘটনা ঘটে।
আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন জানান, মুন্না ম্যানহাটনে মোটরসাইকেলে করে খাবার ডেলিভারির কাজ করত এবং ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করত।
স্থানীয়রা জানায়, নিউইয়র্ক ম্যানহাটনের ইস্ট হাউস্টন এবং ক্লিনটন স্ট্রিট এলাকায় রেস্টুরেন্টের খাবার সরবরাহ করার সময় বরকত উল্লাহ মুন্নাকে একটি গাড়িচাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালের নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মুন্না ম্যানহাটনে বাইকে ‘উবার ফুড’ ডেলিভারির কাজ করত। সে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করত। ৩ বছর আগে সড়ক পথে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মুন্না।
এদিকে, ৭ জুলাই দুপর সাড়ে ১২ টার দিকে নিউজার্সির প্রসপেক্ট পার্ক সিটি হলের সামনে বাইসাইকেলে করে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি বাংলাদেশি যুবক লিপন আহমেদকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন লিপন। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভবানীপুর গ্রামের লনু মিয়া তালুকদারের পুত্র। লিপন ৪ বছর আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
কদিনের ব্যবধানে ২ প্রবাসীর মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।


























































