শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিশুকে পানিতে চুবিয়ে হত্যা করল আপন খালু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০২১

ডেস্ক রিপোর্টঃ

নিখোঁজের ৩ দিন পর সাভারে ৮ বছরের ১ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটিকে খুনের অভিযোগে ১ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের তরফ রাজাঘাট এলাকার একটি বিল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত শিশুটি রংপুর জেলার মিঠাপুকুর থানার হুলাশুগ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে রাজাঘাট এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত। অভিযুক্ত ব্যক্তি একজন গার্মেন্টস চাকরিজীবী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার নিজ বাড়ি থেকে রাজিয়া সুলতানা নামের ৮ বছরের ওই শিশু নিখোঁজ হয়। পরে শিশুটির পরিবার সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এ ঘটনায় শিশুটির আপন খালু নাজমুল মিয়াকে গত শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কিন্তু শিশুটির খালু কোনোভাবেই শিশুটিকে হত্যার কথা শিকার করছিলেন না। পরে আজ ভোররাতে শিশুটিকে হত্যার কথা শিকার করেন নাজমুল।

পরে তাকে নিয়ে আজ ভোররাতে তরফ রাজাঘাট এলাকার একটি বিলের কচুরিপানার নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

পূর্ব শত্রুতার জের ধরে পানিতে চুবিয়ে শিশুটিকে তিনি হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কিনা সে বিষয়টি তদন্ত করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটিকে হত্যা করায় বাকরুদ্ধ হয়ে পড়েছে এলাকাবাসী ও শিশুটির পরিবার।

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি