ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লায় অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ১১৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৯ শতাংশ। একই সময়ে করোনায় প্রাণ গেছে আরও ৮ জনের। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫০ জনে।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন তিনজনএবং মনোহরগঞ্জে দুইজন মারা গেছেন। এছাড়া দেবিদ্বারের, ব্রাহ্মণপাড়ায়, দাউদকান্দি উপজেলায় একজন করে মারা গেছেন। এদের মধ্যে তিনজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার (২ আগস্ট) বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩ হাজার ৭৩২টি নমুনা পরীক্ষায় ১১৯০ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ২৭৮ জনে।আক্রান্তের হার ৩১ দশমিক ৯ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৩৫২ জন, আদর্শ সদরে ৩৭ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ে ৫৫ জন, ব্রাহ্মণপাড়ায় ৪২ জন, চান্দিনায় ৪৫জন, চৌদ্দগ্রামে ২৩ জন, দেবিদ্বারে ৫৩ জন, দাউদকান্দিতে ৬৯ জন, লাকসামে ৭৮ জন, লালমাইতে ৪৫জন, নাঙ্গলকোটে ৬৯জন, বরুড়ায় ৯৬ জন, মনোহরগঞ্জে ৩৪জন, মুরাদনগরে ৬৮ জন, মেঘনায় ২৫ জন, তিতাসে ২৯ জন এবং হোমনা উপজেলার ৫৪ জন রয়েছেন। এদিকে, জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩৫৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৭১ জন। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মহিউদ্দিন জানান,চলতি সপ্তাহে প্রতিদিনই হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে। করোনার বরাদ্দকৃত আসনের চেয়ে অন্তত ৩৫-৪০ জন বেশি ভর্তি রয়েছেন। যদি এ রকম চলতে থাকে তাহলে রোগীর চাপ সামলানো কষ্টকর হয়ে যাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন,জেলায় করোনা সংক্রমণের হার কমাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের নিয়মিত ত্রাণও বিতরণ করা হচ্ছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন আরো বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস।

















































