ডেস্ক রিপোর্ট:
বগুড়ার সদর উপজেলায় রুবেল মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রী-সন্তানের সংসারে অভাব-অনটনের কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার দুপুরে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন রুবেল। স্বজনরা বুঝতে পেরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রুবেল সদর উপজেলার নারুলী ভান্ডারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আজিজার রহমান। রাতে নারুলি গোরস্তানে তার দাফন হয়। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার মন্ডল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল পেশায় একজন দিনমজুর ছিলেন। স্ত্রী এবং দুই শিশুকন্যাকে নিয়ে তার পরিবার। বর্তমান করোনা পরিস্থিতিতে তিনি কর্মহীন হয়ে পড়েন। এতে তার পরিবারের অভাব দেখা দেয়। শুরু হয় পারিবারিক অশান্তি। এরই একপর্যায়ে গতকাল শুক্রবার গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন রুবেল।
বগুড়া সদর থানার উপপরিদর্শক এসআই তয়ন কুমার বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।


















































